মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৩৬ পিএম

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ একটি রিট দায়ের করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্ক থাকায় এবং নাম পরিবর্তনের বিষয়টি বারবার সামনে আসায় একটি চূড়ান্ত সমাধানের লক্ষ্যে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

আবেদনে দাবি করা হয়, মঙ্গল শোভাযাত্রা প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়; বরং ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি কার্যক্রম, যা পরবর্তীতে পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত করা হয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়, শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রতীক ও উপস্থাপনা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও দাবি করা হয়েছে।

সংবিধানের ৩১, ৩২ ও ৪১ অনুচ্ছেদের আলোকে রিটে বলা হয়েছে, এ আয়োজন জনগণের আইনের সুরক্ষা, জীবনের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি হতে পারে।

রিটে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন, প্রচার, অনুমোদন বা যেকোনো ধরনের কার্যক্রম থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

Link copied!