জমজ কন্যাসন্তানের জন্মের পর বাবার আত্মহত্যা

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০১:৪৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী ও সদ্য জন্ম নেওয়া যমজ সন্তানকে হাসপাতালে রেখে বাড়িতে ফিরে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন আলাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার সকালে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোয়ালবাথান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন ওই এলাকার মৃত শবদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর দাম্পত্য জীবনের পর গত রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আলাল উদ্দিনের স্ত্রী সুমি বেগম যমজ কন্যাসন্তানের জন্ম দেন। রাতে স্ত্রী ও নবজাতক সন্তানদের হাসপাতালে রেখে আলাল উদ্দিন বাড়িতে ফিরে আসেন। পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে অবস্থান করায় আলাল উদ্দিন বাড়িতে একাই ছিলেন।

গতকাল সোমবার সকালে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি প্রতিবেশীদের জানানো হলে তারা আলালের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই জামাল উদ্দিন জানান, আলাল উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং প্রায় এক বছর ধরে কর্মহীন ছিলেন। হঠাৎ যমজ সন্তানের জন্ম হওয়ায় চিকিৎসা ব্যয়ের চাপ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দেওয়া হলেও তিনি এমন সিদ্ধান্ত নেবেন তা কেউ ধারণা করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Link copied!