এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাবির ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনা: ৫ শিক্ষার্থী আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিএফডিসি সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৫ থেকে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বিএফডিসি সংলগ্ন সড়কে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ জানান, বিআরটিসির একটি দোতলা বাস (ক্ষণিকা) এক্সপ্রেসওয়ে দিয়ে ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে অন্তত ছয়জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাসটি এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় গতি তুলনামূলক বেশি ছিল। ঢালু পথে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সামনে থাকা একাধিক যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার), একটি মাইক্রোবাস এবং একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার সময় বাসে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাত দিয়ে তিনি নিশ্চিত করেছেন যে, আহত শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক বা গুরুতর নয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

Link copied!