ধামরাইয়ে পুলিশের উপর হামলা ও পোশাক ছেঁড়ার ঘটনায় গ্রেপ্তার ২

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:২০ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা ও পুলিশের পোশাক ছিঁড়ে লাঞ্ছিত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বুধবার বিকেল ৪টার দিকে ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকার মিয়া বাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের প্রায় ৪০ সদস্যের একটি দল আসামী আটকে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধর্ষণকারী ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকার সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও পুলিশের উপর হামলাকারী সৈয়দ আনোয়ার আলীর ছেলে সৈয়দ নাইম ইসলাম। ধর্ষণ ও পুলিশের উপর হামলার ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঢাকার ধামরাই পৌরশহরের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রীর সঙ্গে প্রতারণা করে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে সৈয়দ ইউসুফ প্রান্তর বিরুদ্ধে। এছাড়া ভিডিও চিত্রকে পুঁজি করে ওই ছাত্রীর নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রান্ত।

এই ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রান্তর বিরুদ্ধে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে বুধবার পুলিশ অভিযোগের ভিত্তিতে ধর্ষক প্রান্তকে গ্রেপ্তার করতে তার নিজ বাড়ীতে যায়। প্রান্ত ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। খবর পেয়ে ধামরাই থানার প্রায় ৪০ জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রান্ত ও নাইমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধামরাই থানার ৪ জন পুলিশ আহত হয়েছে।

Link copied!