ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে নতুন ভর্তি ৪৭

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০২:৩০ পিএম

ময়মনসিংহে শিশুদের মধ্যে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৪৭টি শিশু ভর্তি হয়েছে।

এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৭৯৫টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০২ জন। তবে আক্রান্ত শিশুদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫টি শিশু।

হামের প্রকোপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে বর্তমানে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাম প্রতিরোধে সরকারি চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। শিশুদের সঠিক সময়ে টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Advertisement

Link copied!