তারাকান্দায় মুখোমুখি বাস সংঘর্ষে ২১ জন আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

ময়মনসিংহের তারাকান্দায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নের সতালদিঘি মোড় এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী বাস—‘মাফি এন্টারপ্রাইজ’ ও ‘সরকার এন্টারপ্রাইজ’-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২১ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—মো. আল-আমীন (২০) ও মো. তুহিন মিয়া (২০)। উভয়েই দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সংবাদ পেয়ে তারাকান্দা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজিব চন্দ্র দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস দুটি আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Advertisement

Link copied!