কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম শাখা। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া মো. নাজমুল হুদা (পিতা: সুন্দর আলী) উপজেলার বড়ধুশিয়া (পদুয়ারপাড়) গ্রামের বাসিন্দা। তিনি শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত।
সিআইডি সূত্র জানায়, দীর্ঘদিন তদন্তের পর তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গত (১৯ এপ্রিল) কুমিল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০২১ সাল থেকে তিনি ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং পর্নোগ্রাফি–সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আপনার মতামত লিখুন :