চাঁদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পরীক্ষা সম্পন্ন

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ পিএম

চাঁদপুরে বাংলাদেশ পুলিশ-এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমের তৃতীয় ও শেষ দিনের মাঠ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে এই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই বাছাই প্রক্রিয়ার শেষ দিনে প্রার্থীদের দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিংয়ের মতো কঠোর শারীরিক পরীক্ষা নেওয়া হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় দিনে প্রার্থীদের উচ্চতা, বুকের মাপ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়েছিল। ধাপে ধাপে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্য প্রার্থীরা মাঠ পরীক্ষার চূড়ান্ত ধাপ সম্পন্ন করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রমটি পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানান, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্ব ছাড়াই শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই নিশ্চিত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনআস্থার প্রতিফলন।

মাঠ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা এখন পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনীত করা হবে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো নিয়োগ প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক।

বাংলাদেশ পুলিশ আশা করছে, এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও দায়িত্বশীল নতুন সদস্য যুক্ত হবে, যারা ভবিষ্যতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Link copied!