বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিঊবো) সাংগঠনিক কাঠামো (সেট-আপ)-২০২৬ এবং জনবল নিয়োগ ও পদোন্নতির তফসিলসহ চাকরি প্রবিধানমালা প্রণয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের মতামত উপেক্ষার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর বিদ্যুৎ ভবন, আব্দুল গণি রোডে প্রতিবাদ সভা এবং পরে ওয়াপদা ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভায় সারা দেশ থেকে আগত বাবিঊবোতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা প্রণয়ন করা হয়নি। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগের প্রশাসন-২ শাখা গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে স্থগিতাদেশ দেয়।
পরবর্তীতে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই বোর্ড প্রশাসন নতুন সাংগঠনিক কাঠামো ও চাকরি প্রবিধানমালা মন্ত্রণালয়ে পাঠায়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি সুপারিশ কমিটি গঠন করা হয়।
প্রকৌশলীরা দাবি করেন, বৈষম্য নিরসনে তারা লিখিত ও মৌখিকভাবে একাধিকবার দাবি জানালেও বোর্ড প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। তাদের অভিযোগ, সুপারিশ প্রণয়ন কমিটির কিছু সদস্য আইন, বিধি, গেজেট ও নীতিমালা উপেক্ষা করে একপাক্ষিকভাবে ডিগ্রি প্রকৌশলীদের স্বার্থ রক্ষায় কাজ করছেন।
বক্তারা বলেন, এতে সারাদেশে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত অচলাবস্থা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে।
তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সবার জন্য গ্রহণযোগ্য, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রবিধানমালা প্রণয়ন করতে হবে। এ সময় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
আপনার মতামত লিখুন :