চট্টগ্রামে বদলি: ডিসি মাসুদ বললেন ‘স্বাভাবিক’ প্রক্রিয়া

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৭:২৫ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

চট্টগ্রামের এসপি হিসেবে মনোনীত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মো. মাসুদ আলম জানান, পুলিশের চাকরিতে বদলি একটি অত্যন্ত স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রয়োজনে যেকোনো সদস্যকে যেকোনো স্থানে নিয়োজিত করা হতে পারে এবং এটিই বাহিনীর প্রচলিত নিয়ম।

বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা ইতিপূর্বে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকার অত্যন্ত সংবেদনশীল এলাকা যেমন—সচিবালয়, প্রধান বিচারপতির বাসভবন (যমুনা), হাইকোর্ট এবং টিএসসি এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হওয়া আন্দোলন ও অস্থিরতা নিয়ন্ত্রণে তিনি অত্যন্ত ধৈর্য ও দক্ষতার পরিচয় দেন। তার এই ভূমিকা পুলিশ মহলে ও জনসাধারণের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

বগুড়া জেলার সন্তান মো. মাসুদ আলম রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার কর্মজীবনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও সফলভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ ও বড় জেলার পুলিশ সুপারের দায়িত্ব পাওয়াকে পেশাগত জীবনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি বর্তমান দায়িত্ব হস্তান্তর করে বন্দরনগরী চট্টগ্রামে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!