ফেসবুকে অনলাইন জুয়ার ভিডিও শেয়ার করায় হামলার অভিযোগ, থানায় জিডি

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৪:২১ পিএম

আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিড়ালশাখ এলাকায় ফেসবুকে অনলাইন জুয়ার ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগকারী মোঃ কামরুল হাসান (৪০) জানান, তিনি উপজেলার বিড়ালশাখ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বাবুল মিয়া, স্বপন মিয়া ও সালমা আক্তার তার প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বাবুল মিয়ার অনলাইন জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে তিনি ভিডিওটি নিজের আইডি থেকে শেয়ার করলে অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে বলে দাবি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে বিড়ালশাখ বুদ্দ্যার বাজার এলাকায় জনৈক আল-আমিনের মুদির দোকানের সামনে কামরুল হাসানকে দেখতে পেয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করেন।

কামরুল হাসানের অভিযোগ, হামলার সময় বাবুল মিয়া তার ডান হাতের আঙুলে লাঠি দিয়ে আঘাত করে জখম করেন। এছাড়া স্বপন মিয়া তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তার চিৎকার শুনে পিতা মোফাজ্জল হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাদের খুন করে লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ফুলবাড়ীয়া থানা-এ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, সাধারণ ডায়েরি নং- ২৩৪।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Link copied!