মেক্সিকোয় নিখোঁজ সন্তান ও স্বজনদের সন্ধান এবং বিচার দাবিতে মা দিবসে রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছেন শত শত মা ও বিভিন্ন অনুসন্ধানকারী সংগঠনের সদস্যরা। রোববার (১১ মে) তারা ‘মনুমেন্ট টু দ্য মাদার’ থেকে ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ পর্যন্ত পদযাত্রা করেন।
বিক্ষোভকারীরা তাদের নিখোঁজ স্বজনদের ছবি ও অনুসন্ধানসংক্রান্ত নথি বহন করেন। এর মাধ্যমে দেশজুড়ে চলমান গুম ও নিখোঁজের ঘটনাগুলো জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেন তারা।
প্রতিবাদে অংশ নেওয়া ইয়োলতসিন মার্তিনেজ বলেন, অনেক মা আজ তাদের সন্তানদের কাছ থেকে উপহার পাচ্ছেন। কিন্তু আমরা তা বলতে পারি না, কারণ আজও আমরা আমাদের নিখোঁজ সন্তানদের খুঁজে বেড়াচ্ছি।
তিনি জানান, তার ছেলে হুগো এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ। ইয়োলতসিন বলেন, আমি একজন সাধারণ মানুষ, আমার সন্তানের খোঁজ করছি। ১৬ বছর ধরে এভাবে ১০ মে পালন করা মোটেও সুখকর নয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মেক্সিকোয় নিখোঁজের মতো গুরুতর সংকটের চেয়ে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে আসন্ন ফিফা বিশ্বকাপ এবং দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের কনসার্টের মতো বিষয়গুলোকে।
প্রতিবাদকারী মারিয়া এলেনা সালাজার বলেন, এই মিছিলের লক্ষ্য সবসময়ই নিখোঁজের বিষয়টি সামনে আনা। অথচ সরকার এখন বিশ্বকাপ আয়োজন আর কোরিয়ান ব্যান্ডের অনুষ্ঠান নিয়ে উদযাপনে ব্যস্ত। কিন্তু আমরা এখনও আমাদের স্বজনদের ঘরে ফেরাতে পারিনি।
তিনি আরও বলেন, বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকো সিটিতে বহু বিদেশি ও পর্যটক এলেও দেশটিতে শান্তি নেই। এখানে এখন সবচেয়ে বড় প্রদর্শনী হচ্ছে সংগঠিত অপরাধচক্রের সহিংসতা, যা সরকারের নীরব সমর্থনেই চলছে।
বিক্ষোভে অংশ নেওয়া মায়েরা জানান, সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে মেক্সিকোতে ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ বা অজ্ঞাত অবস্থায় রয়েছেন। এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে স্টেট অব মেক্সিকো, জ্যালিসকো ও তামাউলিপাস অঙ্গরাজ্যে।
আপনার মতামত লিখুন :