লেবানন যোদ্ধাদের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৩৩ পিএম

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধকালীন অভিযানে হিজবুল্লাহর এক ড্রোন হামলায় মাস্টার সার্জেন্ট নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সেনাসদস্যের নাম মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার গ্লোভানিওভ (৪৭)। লেবানন সীমান্তের কাছে একটি এলাকায় হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন নিক্ষেপে তিনি নিহত হন।

নিহত সেনা যে ট্যাংক ক্যারিয়ারটি চালাচ্ছিলেন সেটিও এই হামলায় বিধ্বস্ত হয়। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

গ্লোভানিভ প্রযুক্তি ও রসদ অধিদপ্তরের অধীনে ৬৯২৪তম পরিবহন ব্যাটালিয়নে প্রধান ট্রান্সপোর্ট চালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একটি ফাইবার অপটিক ড্রোন নিক্ষেপ করেছিল। ড্রোনটি সীমান্তের ইসরায়েলি অংশে আইডিএফ-এর একটি চৌকির কাছে গ্লোভানিওভের ট্যাঙ্কবাহী যানটিতে আঘাত হানে।

বিস্ফোরণে গ্লোভানিওভ গুরুতরভাবে আহত হন। চৌকির সৈন্যরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।

ইসরায়েলি আর্মি রেডিওর তথ্যমতে, আইডিএফ ড্রোনগুলো শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল এবং সেই কারণে গ্লোভানিভ হামলার কোনো আগাম সতর্কবার্তা পাননি ও বিস্ফোরণে নিহত হন।

হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধবিরতি চলাকালে ড্রোনের আঘাতে নিহত চতুর্থ আইডিএফ সৈন্য হলেন গ্লোভানিওভ ।

উল্লেখ্য, ১৭ই এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে প্রতিদিন হামলা এবং হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি অব্যাহত রেখেছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই, ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২,৮৪৬ জন নিহত, ৮,৬৯৩ জন আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, আগামী ১৪-১৫ মে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনার কথা রয়েছে।

Link copied!