ফুলবাড়ীয়ার জন আকাঙ্খিত আছিম সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৫:১০ পিএম

দীর্ঘদিনের জন আকাঙ্খিত ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সড়কের ভালুকজান এলাকায় আনুষ্ঠানিক মাটি কেটে কাজের উদ্বোধন করেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। 

জানা গেছে, সড়ক ও জনপদের আওতাধীন রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে প্রতিনিয়ত ভোগান্তি নিয়ে চলাচল করে যানবাহন ও পথচারীরা। 

সড়ক ও জনপদের ময়মনসিংহের উপসহকারী প্রকৌশলী মানিক চন্দ্র সাহা সংস্কার কাজের সর্বোচ্চ গুনগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বলেন, এছাড়াও ফুলবাড়ীয়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, সম্মিলিত ভাবে সকলের সহযোগিতা নিয়ে ফুলবাড়ীয়াকে অগ্রসর করা হবে। তিনি বলেন, অতি দ্রুতই মুক্তাগাছা থেকে বগার বাজার পর্যন্ত সড়কের প্রশস্তকরণ কাজ শুরু হবে। 

উল্লেখ্য, এ প্রকল্পে সড়ক ও জনপদের আওতাধীন এ রাস্তাটির ফুলবাড়ীয়া বাজার, কৈয়ারচালা, আছিম বাজার, কালাইপাড় হয়ে বগার বাজার পর্যন্ত ১৮ কিলোমিটার সংস্কার কাজ করা হবে। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দাস ট্রেডার্স। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, এনসিপির প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান সহ অন্যান্যরা। 

 

Advertisement

Link copied!