ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।
দুই শিশু হলো— জামালপুর সদর উপজেলার বাসিন্দা হুমায়ুন কবির মেয়ে রিয়া মনি (৩)। হাম উপসর্গ নিয়ে গত ১১ মে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
অপর শিশু হোসাইন (১০) ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা মামুন মিয়া ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ৫ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ মে) ভোর ৩টা ১০ মিনিটে সে মারা যায়।
হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৬৬ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৬ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ২১ শিশু। ময়মনসিংহ জেলা থেকে ল্যাব পরীক্ষার জন্য ৪৭৬টি নমুনার মধ্যে হাম পজিটিভ ১২৩ জনের।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মারা যাওয়া শিশু দুটি হামের উপসর্গের পাশাপাশি অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিল। মূলত শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :