ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের আব্দুর রহিম (৩০) নামে এক যুবক রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১০ মে (২০২৬) পরিবারের সদস্যরা বিভিন্ন মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এই মর্মান্তিক সংবাদটি জানতে পারেন। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সূত্র বা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এই মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
নিহত আব্দুর রহিম পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আজিজুল হকের বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে তিনি শ্রমিক হিসেবে রাশিয়া গিয়েছিলেন। গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না।
পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় অবস্থানরত রহিমের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন যে, রহিম রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন একটি ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত প্রমাণ বা মরদেহের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এই চাঞ্চল্যকর খবরের সত্যতা যাচাই এবং অধিকতর তথ্য সংগ্রহের জন্য ফুলবাড়িয়া থানা পুলিশ ইতিমধ্যেই আব্দুর রহিমের বাড়িতে উপস্থিত হয়েছে। পুলিশ তাঁর বাবা-মা, ভাই এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।
ছেলের এমন সংবাদে নামাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুর রহিমের পরিবার সরকারের কাছে দাবি জানিয়েছে, যেন দ্রুত রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
ফুলবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আরও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে।
আপনার মতামত লিখুন :