ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বলেন, “তারেক রহমানের ঘোষিত খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন কার্যক্রম নয়, এটি গ্রামবাংলার পরিবেশ, কৃষি ও জলাবদ্ধতা নিরসনে সময়োপযোগী উদ্যোগ।”
মঙ্গলবার (১২ মে) দুপুরে রামপুর খালের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, “দেশের হারিয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষি উৎপাদন বাড়বে, পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত হবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে খাল খনন কর্মসূচির কথা বলেছেন, তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল সালেহীন, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কালিয়ান নদী হতে বুররুরিয়া বিল পর্যন্ত ১.৫ কিলোমিটার খাল পুনঃখননের ব্যায় ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা।
আপনার মতামত লিখুন :