ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৬:৩৮ পিএম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ মে) জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ডিবির ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ) এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম নিউ কলোনী এলাকায় সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ গুলু রাণী সরকার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পরে একইদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গৌরীপুর থানার মডেল মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন— জজ মিয়া (৪০), হাবিবুর রহমান ওরফে সেন্টু (৪৪) ও মো. সানাউল হক (৪৮)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জজ মিয়ার বিরুদ্ধে পূর্বে ৯টি এবং সেন্টুর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

এছাড়া রাত ৯টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার আকুয়া এলাকায় আরও একটি অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মো. হৃদয় (২৮) ও মো. রাব্বী (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার ৫০০ টাকা।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোট ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় কোতোয়ালী ও গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, ডিবির এ সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Advertisement

Link copied!