ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমকে ঘিরে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭০০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। এ কার্যক্রমে আবেদন করেছিলেন মোট ১ হাজার ৯১৩ জন কৃষক।
রবিবার (১০ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুরমা সুপ্রভা কাঞ্চি শাওন, উপজেলা খাদ্য কর্মকর্তা এস এম সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সুবহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসি এলএসডি শাকিল আহমেদ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে মোট ১ হাজার ৯১৩ জন কৃষক আবেদন করেন। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ৭০ জন করে মোট ৭০০ জন কৃষককে নির্বাচিত করা হয়।
লটারির পুরো প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচিত কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচিত হওয়ায় তারা খুশি।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত কৃষকরাই সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারবেন। অনুষ্ঠানে খাদ্য গুদামের কর্মকর্তা, চাউল কল মালিক সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :