ময়মনসিংহে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সিএনজি ও মাহেন্দ্র চালকদের মানববন্ধন

ময়মনসিংহে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে এবং চালক ও শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (৯ মে) বিকালে ময়মনসিংহ সিএনজি ও মাহেন্দ্র ড্রাইভার ও কর্মচারীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া চালকরা অভিযোগ করেন যে, সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ১০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। এই অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় ড্রাইভার রানা এবং লাইনম্যান কালন ওপর অমানবিক হামলা চালান ইনসান ও তার সহযোগীরা।

এ সময় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে চালকরা দাবী করে বলেন, স্ট্যান্ডে অবৈধ ও অতিরিক্ত চাঁদা আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। চালক রানা ও লাইনম্যান কালনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাধারণ পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!