চার মাসে ময়মনসিংহে ৪০৮ মাদক মামলা, আসামি ৬৯৬

সারোয়ার কবির ফাহাদ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১১:৪৫ এএম

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে ময়মনসিংহ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযানে মোট ৪০৮টি মামলা দায়ের করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৬৯৬ জনকে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে ময়মনসিংহে মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, জানুয়ারি মাসে ১০৩টি মাদক মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়। ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিলে ১০৩টি মামলায় ২০২ জনকে আসামি করা হয়েছে।

চার মাসে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৭৯ হাজার ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬৬ দশমিক ০৫ গ্রাম হেরোইন, ১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা, ৪০টি গাঁজা গাছ, ১৪ বোতল ফেনসিডিল, ২ হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৪০০ লিটার ওয়াশ, ৫২৪ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৭৫ অ্যাম্পুল ইনজেকশন এবং ৭১৮ পিস ট্যাপেন্টাডল।

জেলা পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে শুধু জানুয়ারি মাসেই উদ্ধারকৃত মাদকের মূল্য ছিল ১ কোটি ১ লাখ ৩৮ হাজার টাকা।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-ডিবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Link copied!