পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার দিনক্ষণ ঘোষণা করা হবে।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।
এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।
এছাড়া, আরব আমিরাতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।
আপনার মতামত লিখুন :