হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০২:০৭ পিএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন তদারকি ও অনুমতি ব্যবস্থা চালু করেছে ইরান। বুধবার (২০ মে) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন নজরদারি অঞ্চলের সীমাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

ইরানের হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নতুন তদারকি অঞ্চলটি ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ পর্যন্ত এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকা সব জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমতি নিতে হবে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য অতিরিক্ত কিছু শর্ত আরোপ করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর মধ্যে রয়েছে একটি সম্পৃক্ততা নথি জমা দেওয়া, যেখানে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট জাহাজের যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

প্রতিবেদন অনুযায়ী, নতুন অনুমোদন প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে। কিছু ক্ষেত্রে ফি দেড় লাখ ডলারের বেশি হওয়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওমানের সহযোগিতায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।

তিনি বলেন, বহু দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড ইরান মেনে নেবে না।

Link copied!