কেরানীগঞ্জে সড়ক দখল করে হাট বসানোয় দুই ইজারাদারকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দখল করে অস্থায়ী পশুর হাট পরিচালনার অভিযোগে দুই ইজারাদারকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনদুর্ভোগ সৃষ্টি ও প্রশাসনের নির্দেশনা অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২৫ মে) দুপুর ২টা থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাস্তার অংশ দখল করে অস্থায়ী পশুর হাট পরিচালনা করায় আমবাগিচা মাঠের ইজারাদার হাজী মো. আনোয়ার হোসেনকে ৩ লাখ টাকা এবং জিনজিরা পশুর হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবুকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিধিমালা মেনে পশুর হাট পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, গত দুই দিন ধরে সংশ্লিষ্ট ইজারাদারদের সড়ক থেকে গরু সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করা হলেও তারা তা আমলে নেননি। ফলে যানজট ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, “জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে কোনোভাবেই পশুর হাট পরিচালনা করতে দেওয়া হবে না। সড়ক দখলমুক্ত রাখতে এবং বিধিমালা অনুযায়ী হাট পরিচালনা নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে অভিযানের সময় হাট এলাকায় অতিরিক্ত ভিড় ও সড়কে গবাদিপশু রাখার কারণে যান চলাচলে বিঘ্ন দেখা যায়। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

Link copied!