আজ থেকে মেট্রো ভাড়ায় বিশেষ সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০১:০৯ পিএম

মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ বিশেষ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবার অংশ হিসেবে জনকল্যাণমূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

এছাড়া প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একই হারে ভাড়া ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।

Link copied!