কেরানীগঞ্জে অটোরিকশাচালক অপহরণ ও মুক্তিপণ আদায়: চারজন গ্রেপ্তার, উদ্ধার ভুক্তভোগী

নাজিউল্লাহ ভূইয়া , কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৫:২৪ পিএম

কেরানীগঞ্জে অটোরিকশাচালক অপহরণ ও মুক্তিপণ আদায়: চারজন গ্রেপ্তার, উদ্ধার ভুক্তভোগী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশাচালক মো. সুন্দর আলীকে (৪৬) অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। অপহরণের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করা হয়েছ ,মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে র‍্যাব-১০-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ১৯ জুলাই বিকেলে বিয়ে-সংক্রান্ত কাজে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার থেকে রামেরকান্দা এলাকায় যাচ্ছিলেন সুন্দর আলী। পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁর গতিরোধ করে। পরে তাঁকে মারধর করে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে সুন্দর আলীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা তাঁর মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে।

র‍্যাবের ভাষ্য, রাতে তাঁকে এক আসামির ভাড়া বাসায় নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় পরিবারের সদস্যরা দুই দফায় বিকাশের মাধ্যমে মোট ৪৪ হাজার টাকা পাঠালেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। বরং প্রাণনাশের হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হচ্ছিল।

এ ঘটনায় সুন্দর আলীর স্বজনেরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান শুরু করে র‍্যাব-১০। পরদিন ২০ জুলাই দুপুরে শুভাঢ্যা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণচক্রের চার সদস্য কুদ্দুস মিয়া, জুয়েল রানা ওরফে ‘কুত্তা জুয়েল’, রাকিব হাওলাদার এবং অপু মীর ওরফে বায়জিদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!