মিরপুরে সরকারি কর্মচারী কোয়ার্টারে রহস্যজনক মৃত্যু: স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৮:৪৭ পিএম

মিরপুরে সরকারি কর্মচারী কোয়ার্টারে রহস্যজনক মৃত্যু: স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার হয়নি কেউ

ফাইল ফটো

রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া সরকারি কর্মচারী নতুন স্টাফ কোয়ার্টারে মুতাসিম হোসেন সিরাজী (৪৭) নামের এক সরকারি কর্মচারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাঁকে মারধর কিংবা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে মামলা দায়েরের পরও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী নিহতের বড় ভাই মাহমুদুল সামী কল্লোল (৫৫)। তিনি মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় নিহতের স্ত্রী ডরিন ইসলাম (৩৫), শাশুড়ি মোছাঃ নাজছিমা বেগম (৫৫) এবং শ্যালক মোঃ দ্বীপ (২৫)-কে আসামি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুতাসিম হোসেন সিরাজী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিবহন পুলে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ মিরপুরের পাইকপাড়া সরকারি কর্মচারী নতুন স্টাফ কোয়ার্টারের ‘শীতলক্ষা-২/এ’ ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন।

গত ১ জুলাই ২০২৬ সকালে আসামিরা নিহতের ভাই এম এইচ আকবরী (কমল)-কে ফোন করে মুতাসিমের মৃত্যুর খবর দেন। স্বজনরা বাসায় গিয়ে খাটের ওপর তাঁর মরদেহ দেখতে পান। তাদের দাবি, তখন মরদেহ সম্পূর্ণ ঠান্ডা ও শক্ত হয়ে গিয়েছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী ডরিন ইসলাম পুলিশকে জানান, ৩০ জুন রাতে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে তারা আলাদা কক্ষে ঘুমান। পরদিন সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনি কক্ষে গিয়ে মুতাসিমকে মৃত অবস্থায় দেখতে পান।

এদিকে ঘটনার পর আসামিরা দ্রুত মরদেহ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রহিমপুর গ্রামের বাড়িতে নিয়ে যান। কিন্তু মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হলে তারা কেন্দুয়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ৩০ জুন রাত ১১টা থেকে ১ জুলাই ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময়ে আসামিরা পরস্পরের যোগসাজশে মুতাসিম হোসেন সিরাজীকে মারধর ও অন্য কোনো উপায়ে হত্যা করে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা (মামলা নং-১৮, তারিখ: ০৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়। যদিও ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, "আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার তদন্তও চলমান আছে।"

Link copied!