সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার: র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি-টেঁটা উদ্ধার

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৮:০২ পিএম

সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার: র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি-টেঁটা উদ্ধার

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ১২ মামলার আসামি রাসেল আহমেদকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বাহিনীটি। সাম্প্রতিক সময়েও কয়েকজন চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে র‍্যাব জনগণের প্রশংসা কুড়িয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কুরবানপুর ও শান্তিনগর এলাকায় রাসেল আহমেদ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল।  এই বাহিনীর মূল লক্ষ্য ছিল এলাকার নতুন শিল্পকারখানা, ড্রেজিং ও আবাসন প্রকল্পগুলোতে আধিপত্য বিস্তার। ইট-বালু সরবরাহ, স্ক্র্যাপ বা ঝুট ব্যবসা এবং নির্মাণকাজের একক নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করত তারা।

ক্ষমতা প্রদর্শনের জন্য দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা ও হকিস্টিক নিয়ে প্রকাশ্যে মহড়া দিতো এই বাহিনী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর গুলি, টেঁটাবিদ্ধ করে আহত করা ও বাড়িঘরে হামলার একাধিক ঘটনা ঘটেছে। এমনকি মাদক বা সন্ত্রাসের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

শীর্ষ সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়।  এরই ধারাবাহিকতায় শুক্রবার ২৪ জুলাই দিবাগত রাত ১২:১০টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি এবং র‍্যাব-২ এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকা থেকে রাসেল আহমেদ (পিতা: মৃত সাফাতুল্লাহ, সাং: কুরবানপুর, ইউ/পি: পিরোজপুর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ) কে গ্রেফতার করে।

পরে আসামির দেওয়া তথ্যমতে ভোর ৫:৩০টার দিকে সোনারগাঁওয়ের কুরবানপুরে আসামির বসতবাড়ির পশ্চিম পাশের একটি গোডাউন থেকে ০১টি দেশীয় শটগান, ০৪ রাউন্ড গুলি ও ১৪টি টেঁটা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১ জানিয়েছে।

Link copied!