ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়তে এখনও কিছুটা সময় বাকি। তবে এরই মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী মোড়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপের আমেজ। স্থানীয় ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগে পুরো মোড়টি এখন যেন এক টুকরো ব্রাজিলে রূপ নিয়েছে।
মোড়জুড়ে শোভা পাচ্ছে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের ছবি সম্বলিত বিশাল ব্যানার, জাতীয় পতাকা ও বর্ণিল আলোকসজ্জা। দূর থেকে চোখে পড়া এসব আয়োজন পথচারী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছে। সন্ধ্যার পর আলোকসজ্জায় আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় ব্রাজিল সমর্থক আব্দুল হেলিম, সাইফুদ্দিন সোহাগ, রফিকুল ইসলাম, রুহুল আমিন, মোশাররফ হোসেন, হুমায়ুন কবীরসহ আরও অনেকের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন বাস্তবায়িত হয়েছে। তাদের লক্ষ্য, ফুটবলপ্রেমীদের মাঝে বিশ্বকাপের আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়া।
স্থানীয়দের মতে, এমন আয়োজন শুধু ব্রাজিল সমর্থকদের মধ্যেই নয়, সব ফুটবলপ্রেমীর মধ্যেই উৎসবের আবহ তৈরি করেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ব্যানার ও সাজসজ্জা দেখতে ভিড় করছেন এবং স্মৃতিচারণের জন্য ছবি তুলছেন।
ব্রাজিল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য প্রকাশ হিসেবে হরিয়াখালী মোড়ের এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্বকাপকে ঘিরে ফুটবল উন্মাদনার এই রঙিন আয়োজনের কারণে স্থানীয়দের মুখে মুখে হরিয়াখালী মোড় এখন পরিচিত হয়ে উঠেছে ‘ব্রাজিলের মোড়’ নামে।
আপনার মতামত লিখুন :