পদোন্নতি না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন ডিআইজি আলী আকবর খানের

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১১:২৯ পিএম

পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান সোমবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদনপত্র জমা দেন। আবেদনে তিনি কর্মজীবনে দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার হওয়ার কথা উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার সরকার পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুজন আলী আকবর খানের ১৫তম ব্যাচের এবং তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা রয়েছেন। তবে পদোন্নতির তালিকায় তার নাম না থাকায় তিনি নিজেকে পুনরায় বৈষম্যের শিকার বলে মনে করছেন।

আবেদনপত্রে আলী আকবর খান উল্লেখ করেন, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি বঞ্চনার মুখোমুখি হয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর তাকে ওএসডি করা হয়। পরে ২০২২ সালের এপ্রিলে চাকরিচ্যুত করা হলেও দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি চাকরিতে পুনর্বহাল হন।

আবেদনে তিনি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের কারণেই তিনি পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তবে সাম্প্রতিক পদোন্নতির তালিকায় নিজের নাম না থাকায় তিনি হতাশ হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, নিজের অযোগ্যতা নিয়ে সরকারের বোঝা হয়ে থাকার পরিবর্তে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চান।

আবেদন অনুযায়ী, আগামী ২ জুলাই ২০২৬ থেকে তার অবসর কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ওই তারিখ থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুরের আবেদনও করেছেন তিনি।

সিআইডি সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ.এম. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রে আলী আকবর খানের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।তবে এ বিষয়ে জানতে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Link copied!