গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, জাতীয় সংসদে রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১০:৪৯ পিএম

জাতীয় সংসদে গ্রামাঞ্চলের দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকট এবং আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষ ও শিল্প খাত উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে তিনি বিষয়টি উত্থাপন করেন।

রুমিন ফারহানা বলেন, লোডশেডিং বা মেরামতজনিত বিদ্যুৎ বিভ্রাট—যে নামেই ডাকা হোক না কেন, দেশের গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে মানুষকে। এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়টি তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন যে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তাকে আশ্বাস দিয়েছিলেন, পহেলা মে’র মধ্যে কারখানাটিতে গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও সেখানে এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি। এ অবস্থায় তিনি জানতে চান, কবে নাগাদ কারখানাটিতে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হবে।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশের বিদ্যমান গ্যাস সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সীমিত গ্যাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখাকে অগ্রাধিকার দিতে হচ্ছে। ফলে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।

মন্ত্রী বলেন, একদিকে বিদ্যুৎ উৎপাদন বজায় রাখার দাবি রয়েছে, অন্যদিকে সার কারখানায় গ্যাস সরবরাহের প্রয়োজনীয়তাও রয়েছে। কিন্তু গ্যাসের সীমিত মজুদের কারণে সরকারকে অগ্রাধিকারভিত্তিক সিদ্ধান্ত নিতে হচ্ছে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর কোনো ড্রিলিং কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমান সরকার নতুন করে ড্রিলিং শুরু করেছে এবং নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানো গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার আগের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ শুরু হয়নি। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয়, বিশেষ করে ড্রিলিং ও সরবরাহ সক্ষমতা, ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দেন স্পিকার।

তিনি বলেন, মহান জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য ও তথ্যভিত্তিক হওয়া উচিত, যাতে পরে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে না হয়।

Link copied!