হাম প্রতিরোধে ব্যর্থতা এবং শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মামলার আবেদনটি খারিজ করেন।
এর আগে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন।
আবেদনে ড. ইউনূস ও নূর জাহান বেগম ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের টিকা সংকট তৈরি হয়। এর ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশু ঝুঁকির মুখে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনকারী দাবি করেন, হাম-রুবেলা টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে জনস্বাস্থ্যে গুরুতর প্রভাব পড়ে। তিনি অভিযোগ করেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা কর্তব্যে অবহেলা করেছেন, যা নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে।
মামলার আবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করে আসছিল। তবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ওই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এতে দীর্ঘসূত্রতার কারণে টিকার ঘাটতি দেখা দেয় বলে অভিযোগ করা হয়।
এর আগে গত ৫ মে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা কার্যক্রমে ব্যত্যয় ঘটেছিল, তা সরকার খতিয়ে দেখবে। তবে তার ব্যক্তিগত মতামত হলো, শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটানোর কোনো অসৎ উদ্দেশ্য ওই সরকারের ছিল না।
আপনার মতামত লিখুন :