ময়মনসিংহে সাঁড়াশি অভিযান: এক সপ্তাহে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৫:০৪ পিএম

বিল্লাল হোসেন মানিক , ময়মনসিংহ: ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান শুরু করে। এর মধ্যে ভালুকা উপজেলায় ১০ জনসহ জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৪০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের এ বিশেষ অভিযানে ভালুকা, ত্রিশাল, কোতোয়ালি, মুক্তাগাছা, গফরগাঁও, ফুলপুর ও ঈশ্বরগঞ্জসহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের আটক করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। একসপ্তাহে  নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের  ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় পরিচালিত এ সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন নাগরিকরা। তাদের মতে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলমান থাকবে।

Link copied!