সিরাজদিখানে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আনিছুর রহমান রুবেল , ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৪:৫৬ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহিত করতে "স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে তরুণদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে প্রযুক্তিনির্ভর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, এলজিইডি কর্মকর্তা আসিফ উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মাঝে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী ধারণা

দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

 

Advertisement

Link copied!