যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সারাহ কুক আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে। তিনি দুই দেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন হাইকমিশনার সারাহ কুক।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :