বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে এক লাখ ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি সীমান্ত পিলার ৪৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি থেকে আনুমানিক ৮০০ গজ পূর্বে সেগুন বাগান এলাকায় চালানো হয়।
এ সময় চোরাকারবারীরা মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবার একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির টহল দল তাদের ধাওয়া দিলে তারা ইয়াবা ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় মোট ১ লাখ ৪৫ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা।
১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর নজরদারির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে কাজ করছে বিজিবি।
আপনার মতামত লিখুন :