রংপুর নগরী থেকে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযাগে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই চক্রের কাছ থেকে ১৫টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, আটটি স্বাক্ষরিত চেক, তিনটি জাতীয় পরিচয়পত্র, চারটি মূল সার্টিফিকেট ও পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এর আগে, শুক্রবার রাতে নগরীর ধাপ জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আকটকৃতরা হলেন- রংপুর নগরীর চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুরের মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর এলাকার ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুর পাবর্তীপুর তেলিপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন (৩০) ও আশরাফুল ইসলাম (৩৬)।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রাজশাহীতে অনুষ্ঠিত ডাকবিভাগের একটি পরীক্ষাকে কেন্দ্র করে জাল-জালিয়াতি, প্রক্সি পরীক্ষা দেওয়া ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এই চক্রটি পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল।
এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ধাপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের সঙ্গে এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।উপ-পুলিশ কমিশনার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথাটি স্বীকার করেছে। এ ঘটনায় একটি প্রতারণার মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :