সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম খান বলেন, তরুণ সমাজকে মাদক ও সাইবার অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, বর্তমানে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা অপরাধ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উঠান বৈঠক নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সলঙ্গা থানা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :