গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত অটো গ্রিন অয়েল নামের কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে বয়লারের মাধ্যমে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হয়। দুপুরে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে একটি বয়লার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
এদিকে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে অবস্থিত স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জন নিহত হন। ওই ঘটনার পর জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। পরে কিছুদিন বন্ধ থাকার পর নতুন নামে অটো গ্রিন অয়েল হিসেবে কার্যক্রম শুরু হয়। বর্তমানে কারখানাটির চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, ফলে ভেতরের কার্যক্রম বাইরে থেকে সহজে দেখা যায় না।
আপনার মতামত লিখুন :