মাদকের বিস্তার রোধে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান।
শনিবার (২০ জুন) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয় মাঠে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ল্যাব উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এমপি মুশফিকুর রহমান বলেন, “আমরা মাত্র তিন মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। এরই মধ্যে মাদকের সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তি ও গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার কারণে কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, খুব শিগগিরই মাদকবিরোধী আইন সংশোধন ও আরও কঠোর করা হবে। তখন এর বাস্তব ফলাফল জনগণ দেখতে পাবে।”
মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, কসবা-আখাউড়া অঞ্চলে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুশফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহভীন রহমান এবং আশফাক জামিল রহমান।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে বিদ্যালয়ে আধুনিক বিজ্ঞান ল্যাব স্থাপনের উদ্যোগকে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :