টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১০টায় শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, থানা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম জাহাঙ্গীর হোসেনের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান এবং স্থানীয় রাজনীতিতে তাঁর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জাহাঙ্গীর হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও জনবান্ধব নেতা, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দল ও এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা জাহাঙ্গীর হোসেনের আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
আপনার মতামত লিখুন :