হিফজ সম্পন্নকারী ৪ শিক্ষার্থীকে সম্মাননা, কুরআনের খেদমতের আহ্বান গফুর ভূইয়ার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০২:৩৩ পিএম

রাশেদ হোসাইন , নাঙ্গলকোট : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানে পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুসজ্জিত প্যান্ডেল ও আকর্ষণীয় ব্যানারে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলী আক্কাস চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুফু, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মিজানুর রহমান খোকন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শাহজাহান মজুমদার, মাস্টার সায়েদুল হক, ওহাব পাটোয়ারী, রফিকুল ইসলাম, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাফ হোসাইন, মক্রমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইসলাম, সাধারণ সম্পাদক জাকের হোসেন দুলাল, হেসাখাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন মেম্বার, সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কিরণ, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম ভূঁইয়া, বটতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবী হাজারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন মেম্বার, আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন মাকসুদ, বাকের মাস্টার, দলিল লেখক সমিতির সভাপতি হিরন ভূঁইয়া ও জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জলিল কোম্পানিসহ অনেকে।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী চারজন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন— হাফেজ মোহাম্মদ আসওয়াদ (হাসানপুর), হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন অনিক (হাসানপুর), হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম (শিলপাড়া, লাকসাম) এবং হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম (হাসানপুর)।

বক্তারা বলেন, “কুরআনের হাফেজরা জাতির গর্ব ও ইসলামের অমূল্য সম্পদ। তাদের সম্মানিত করার মাধ্যমে সমাজে দ্বীনি শিক্ষার প্রসার ঘটে এবং নতুন প্রজন্ম কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হয়।” তারা নবীন হাফেজদের ইসলামের সুমহান আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

Advertisement

Link copied!