মেসির জন্মদিনে ঢাবিতে উৎসবের আমেজ, যোগ দিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১০:৩৪ পিএম

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় বিশেষ উদযাপনের। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়-আর্জেন্টিনা ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ মিছিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির ঘনিষ্ঠ বন্ধু ডেন রুলো এবং আর্জেন্টাইন প্রতিনিধিদলের সদস্য মার্টিন ডি এসকালাদা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা টিএসসি থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত আনন্দ মিছিল করেন। এ সময় মেসির জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আর্জেন্টিনার জাতীয় পতাকা ও মেসির প্রতিকৃতি সম্বলিত ব্যানার নিয়ে উৎসবে অংশ নেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, জন্মদিন কেবল একজন মানুষের বয়স বৃদ্ধির দিন নয়, বরং তার অর্জন, স্মৃতি ও অনুপ্রেরণার পথচলাকেও স্মরণ করার উপলক্ষ। তিনি বলেন, মেসির দুই দশকেরও বেশি সময়ের ফুটবল জীবন অসংখ্য আনন্দময় মুহূর্তে ভরপুর, যা বিশ্বের কোটি কোটি সমর্থকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও বিনয় মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত করেছে। বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার মানুষের আবেগের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই অভিন্ন ভালোবাসাই দুই দেশের মানুষের মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি করেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

মেসির বন্ধু ডেন রুলো বলেন, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রত্যক্ষ করতেই তারা এখানে এসেছেন। তিনি বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের প্রশংসা করে বলেন, এ ভালোবাসা তাদের গভীরভাবে মুগ্ধ করেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলে সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান শিপন, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!