দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. মির্জা সোবেদ আলী রাজা বকেয়া বেতন ও চাকরির চূড়ান্ত পাওনাদি পরিশোধের দাবিতে পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) আগামী ৫ জুলাই ২০২৬ তারিখে একটি আপোস-মিমাংসা বৈঠকের আহ্বান করেছে। অধিদপ্তরের উপমহাপরিদর্শকের (ঢাকা) কার্যালয় থেকে ১ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়।
অভিযোগের বিবরণ : চিঠিতে উল্লেখ করা হয়েছে, দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাবেক কর্মচারী মো. মির্জা সোবেদ আলী রাজা (ব্যবস্থাপনা সম্পাদক) বকেয়া বেতন ও চাকরির চূড়ান্ত পাওনা আদায়ের দাবিতে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে অনলাইন অভিযোগ (নং-২০০৭৯৭৮২৮৩) দায়ের করেন।
আইনগত প্রক্রিয়া : অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১২৪ক অনুযায়ী আপোস-মিমাংসার উদ্দেশ্যে ৫ জুলাই ২০২৬, বেলা ১২টা একটি বিশেষ বৈঠক নির্ধারণ করা হয়েছে। নোটিশে দৈনিক প্রতিদিনের কাগজ-এর মালিক, প্রধান সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক অথবা ব্যবস্থাপককে প্রয়োজনীয় রেকর্ড ও রেজিস্টারসহ নির্ধারিত সময়ে অধিদপ্তরের দপ্তরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপস্থিতি বাধ্যতামূলক : শ্রম পরিদর্শক (সাধারণ) মাহবুবুল হাসান মনি স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১৩(১০) অনুযায়ী শুনানিতে বিবাদী পক্ষের উপস্থিতি বাধ্যতামূলক। নোটিশটি ‘অতীব জরুরি’ হিসেবে জারি করা হয়েছে। সূত্র: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (পত্র নং-০১২/উঃমঃপঃ/ঢাকা, তারিখ: ০১/০৭/২০২৬)।
পত্রিকা কর্তৃপক্ষের বক্তব্য : এ বিষয়ে দৈনিক প্রতিদিনের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রফিক বলেন, “মো. মির্জা সোবেদ আলী রাজা আমাদের প্রতিষ্ঠানে কিছুদিন কর্মরত ছিলেন। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি যে আমাদের প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন, এই আবেদনের মাধ্যমেই সেটি প্রমাণিত হয়েছে। আমরা সরকারি নোটিশের যথাযথ জবাব দেব। নির্ধারিত সময়ে শুনানিতে আমাদের বিজ্ঞ আইনজীবী উপস্থিত থাকবেন।”

আপনার মতামত লিখুন :