ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের কবলে পড়ে বেলজিয়ামে ধারণার চেয়েও অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত জুন ও জুলাইয়ের শুরুতে দেশটিতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ২ হাজার জন বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট ‘সায়েনসানো’ (Sciensano) আগের হিসাব সংশোধন করে নতুন এই তথ্য প্রকাশ করেছে।
আজ শনিবার বেলজিয়ামের স্থানীয় সংবাদমাধ্যম বেলগা নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।
এর আগে সায়েনসানো তাদের প্রাথমিক প্রতিবেদনে ১ হাজার ৭৪৭ জনের অতিরিক্ত মৃত্যুর কথা জানিয়েছিল। তবে নতুন সংশোধিত তথ্যে দেখা গেছে, এই সময়ে স্বাভাবিকের চেয়ে মৃত্যুহার প্রায় ৪৮ শতাংশ বেড়ে গেছে। মূলত দেরিতে মৃত্যুর নিবন্ধন হওয়া এবং দাবদাহ পরবর্তী আরও দুটি দিনকে এই পর্যালোচনার অন্তর্ভুক্ত করার কারণে মৃতের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। নতুন এই পরিসংখ্যানটি গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ের।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দাবদাহের কারণে বেলজিয়ামের 'ওয়ালোনিয়া' অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই রয়েছে রাজধানী ব্রাসেলস এবং 'ফ্ল্যান্ডার্স' অঞ্চল।
সায়েনসানোর তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে বেলজিয়ামে যতগুলো দাবদাহ আঘাত হেনেছে, তার মধ্যে এবারের অতিরিক্ত মৃত্যুর সংখ্যাটি সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের আগস্টে তীব্র দাবদাহের কারণে দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছিল, যা ছিল স্বাভাবিকের চেয়ে সাড়ে ৩৭ শতাংশ বেশি। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

আপনার মতামত লিখুন :