যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধা হয়, এমন সব জ্বালানি রফতানির পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
এর আগে ইরান নতুন করে হরমুজ প্রণালিতে চলাচল বন্ধের পদক্ষেপ নেয়। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন বন্দরের ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে।
বুধবার (১৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, আঞ্চলিক জ্বালানি রফতানির সুবিধা হয় সবাই ভোগ করবে, নয়তো কেউই সেই সুবিধা পাবে না।
বিশ্লেষকদের ধারণা, এই বক্তব্যের মাধ্যমে ইরান পরোক্ষভাবে ইয়েমেনের মিত্র হুতি গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মান্দাব প্রণালিতে চলাচল ব্যাহত করার ইঙ্গিত দিয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে পড়তে পারে।
বাব আল মান্দাব একটি সংকীর্ণ প্রণালি, যা লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরের সংযোগ স্থাপন করেছে। সৌদি আরবের তেল রফতানির বড় অংশ এবং বৈশ্বিক সমুদ্রপথে পণ্য পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :