ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। তার ভাষ্য, প্রতিরক্ষা সক্ষমতা, সক্রিয় কূটনীতি এবং জনসমর্থনের সমন্বয়ে ইরান এমন একটি অবস্থানে পৌঁছেছে, যেখানে বাহ্যিক চাপ দিয়ে দেশটিকে দুর্বল করা সম্ভব নয়।
রুশ বার্তা সংস্থায় প্রকাশিত ‘বিশ্বশক্তির নতুন বিন্যাস’ শীর্ষক এক নিবন্ধে জালালি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসী পদক্ষেপের পরিণতি হবে ব্যর্থতা। তিনি দাবি করেন, প্রতিরক্ষা শক্তি ও কূটনৈতিক তৎপরতার সমন্বয়ে ইরান তার প্রতিরোধ কৌশলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন পক্ষ এখন ইরানের কৌশলগত অবস্থানকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, ইরানের কূটনৈতিক নীতির ভিত্তি জনগণের সমর্থন ও সামাজিক শক্তি। এ কারণে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলেও তা কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারবে না।
জালালি জানান, ইরানের সর্বোচ্চ নেতা চলতি বছরকে জাতীয় ঐক্য ও জাতীয় নিরাপত্তার ছায়ায় প্রতিরোধভিত্তিক অর্থনীতির বছর হিসেবে ঘোষণা করেছেন। এর মূল লক্ষ্য আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করা।
নিবন্ধে তিনি বর্তমান আঞ্চলিক উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিকে দায়ী করেন। তার দাবি, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক পদক্ষেপগুলো তাদের হতাশার বহিঃপ্রকাশ, সামরিক শ্রেষ্ঠত্বের নয়।
জালালির মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পশ্চিম এশিয়াকেন্দ্রিক নীতিতে কৌশলগত অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, গুপ্তহত্যা ও রক্তপাতের মতো পদক্ষেপ প্রতিরোধশক্তিকে দুর্বল করার পরিবর্তে আরও সুসংগঠিত ও দৃঢ় করেছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কেও ইরানের কূটনৈতিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, ডিজিটাল কূটনীতি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরা এবং পশ্চিমা প্রচারণার জবাব দিতে কার্যকর ভূমিকা পালন করছে।
জালালির দাবি, অভ্যন্তরীণ সক্ষমতা, আঞ্চলিক সহযোগিতা এবং তথ্যভিত্তিক কৌশলকে সমন্বিত করে ইরান তার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রতিরক্ষা সক্ষমতা এবং সক্রিয় কূটনীতির সমন্বয়ই বর্তমান ভূরাজনৈতিক চাপ মোকাবিলার প্রধান ভিত্তি বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: মেহের সংবাদ

আপনার মতামত লিখুন :