যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তার এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং সম্ভাব্য সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘আজ রাতেও আমরা ইরানে হামলা চালাব। আগামী রাতেও হামলা চলবে। তারা কিছুই করতে পারবে না।’ একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতাকে খাটো করে মন্তব্য করেন, ‘ইরান শুধু বড় বড় কথাই বলতে পারে।’
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনায় হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিয়েছে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইরানের দক্ষিণ উপকূলে থাকা ড্রোন ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী অভিযান শুরু করেছে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী তাদের নৌ ও আকাশ প্রতিরক্ষা ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের মার্কিন হামলার কঠোর জবাব দিতে তারা প্রস্তুত এবং হরমুজ প্রণালীতে নিজেদের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের এমন প্রকাশ্য হুমকি এবং চলমান সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

আপনার মতামত লিখুন :