খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১২:১৩ পিএম

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জন

ফাইল ফটো

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম। ওই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরায়েলের ১৩ জন শীর্ষ নেতার নাম ও ছবি প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ঘনিষ্ঠ ও রক্ষণশীল হিসেবে পরিচিত সংবাদমাধ্যম হামশাহরির অনলাইন সংস্করণে গত ১১ জুলাই রাতে এই তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের সামগ্রিক ইচ্ছা এবং তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা শেষ পর্যন্ত ভয় ও অনিশ্চয়তার মধ্যে থাকবে।

তবে মোজতবা খামেনি তার বক্তব্যে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। তার বক্তব্যের পরপরই হামশাহরি সংবাদমাধ্যমে একটি বিশেষ চিত্র প্রকাশ করা হয়, যেখানে ১৩ জন বিদেশি নেতার ছবি তুলে ধরা হয়।

যদিও এই তালিকা ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কি না, তা নিশ্চিত নয়। তবে ইরানের সরকারি মহলে হামশাহরির যথেষ্ট প্রভাব রয়েছে বলে জানা গেছে।

প্রকাশিত তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেদরিখ মার্জ।

এ ছাড়া তালিকায় রয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দেশের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই প্রতিশোধ নেওয়ার কঠোর ঘোষণা দেন।

 

এই পরিস্থিতিতে ইরানের প্রকাশিত কথিত লক্ষ্য তালিকা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতাদের নাম থাকায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Link copied!