সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮৬ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ৭০ মিটার। ফলে ওই সময় বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
পাউবোর তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টায় ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৮ দশমিক ৬০ মিটার। সোমবার সকাল ৯টায় তা বেড়ে ৮ দশমিক ৮৬ মিটারে পৌঁছায়। পরে দুপুর ১২টায় পানির উচ্চতা আরও বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৯০ মিটারে। অর্থাৎ বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই সময়ে ছাতক এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে, পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :